বকুল হোসেন, ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমানের তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামের সমন্বয়ে একটি চৌকস দল এ অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মোট ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩টি বিদেশি ২২ বোরের রিভলভার (যেগুলোতে “Made in Pakistan” লেখা রয়েছে), ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। এছাড়াও দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে আরও রয়েছে দুটি মোবাইল ফোন—একটি Redmi Note 7 Pro এবং একটি Vivo Y16।
গ্রেফতারকৃত আসামি মোঃ অলি হোসেন (২৬), পিতা রব্বেল শেখ, মাতা অলিফা খাতুন। তার বাড়ি পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকায়।
পলাতক আসামি মোঃ শুভ ফকির (২৫), পিতা সাইদুল ইসলাম ফকির, মাতা আকলিমা খাতুন। তার বাড়িও একই এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।