মোঃ বকুল হোসেন ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: পাবনা জেলার মার্চ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে ঈশ্বরদী থানা। মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জন করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাবনা জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ শ্রেষ্ঠ থানার পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। ঈশ্বরদী থানার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নারী ও শিশু নির্যাতন, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “পাবনা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
সদস্যদের কাজকে উৎসাহিত করতেই এ ধরনের পুরস্কার দেওয়া হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান মন্ডল, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, এই অর্জন থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।