মোঃ বকুল হোসেন ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা-তে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার নতুনহাট গোলচত্বর সংলগ্ন ফেইথ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দ্রুতগতিতে চলাচলরত একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি বেশ ভয়াবহ হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উভয় যানবাহনের সামনের অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয়দের মতে, ব্যস্ত সড়কটিতে দ্রুতগতির যানবাহন ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।