নিউজ ডেস্ক চ্যানেল আর:কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম–এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কেরানীগঞ্জসহ সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের রূহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কেরানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুম মোঃ সাইফুল ইসলাম-এর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, পেশাগত সততা, নীতিনিষ্ঠা এবং কেরানীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নিরপেক্ষ ও আদর্শবান সাংবাদিক, যিনি আজীবন সাংবাদিকতার মর্যাদা রক্ষায় কাজ করে গেছেন।
এ সময় মোঃ সাইফুল ইসলামসহ কেরানীগঞ্জ প্রেসক্লাবের মরহুম সদস্য ও সাবেক সভাপতি সালাউদ্দিন মিয়া, মোঃ শামিম, মোঃ জানু, সাইফুল ইসলামসহ সকল মরহুম সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকা ও বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক আঃ গনি, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক শেখ শামিম উদ্দিন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক শফিক চৌধুরী, সাবেক সভাপতি আনন্দ টিভির সাংবাদিক মজিবুর রহমান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক শিপন উদ্দিন, বিজয় টিভির সাংবাদিক মোঃ সাঈদ, দৈনিক মানবজমিন পত্রিকা ও মোহনা টিভির সাংবাদিক আলমগীর হোসেন এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল আওয়াল, ইউ এন বি নিউজ এর সাংবাদিক এইচ এম আমীন, দৈনিক নওরোজ পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন ইমু,দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেন,বাংলাভিশন টিভির ক্যামেরাম্যান মোঃ দেলোয়ার হোসেন রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শেষে বিশেষ মোনাজাতে মরহুমদের আত্মার শান্তি, রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।