কেরানীগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর গৈস্তাবাজার এলাকায় আধ্যাত্মিক পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান সূফী সাধক সৈয়দ হযরত শাহ সূফী জিয়ন আলী শাহ মাইজভান্ডারীর ৪৯তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর বুধবার দিনব্যাপী এবং সারারাতব্যাপী এই পবিত্র ওরশ শরীফকে কেন্দ্র করে এলাকায় ভক্ত-অনুরাগী, পীর-মুরিদ, আশেক-ফরিদদের ব্যাপক সমাগম দেখা যায়।
উক্ত পবিত্র ওরশ শরীফে সভাপতিত্ব করেন ইউসুফ আলী মাইজভান্ডারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আঃ রহমান,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম কাজল,যুব নেতা ডাঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
ওরশ উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির আসর, হামদ-নাত পরিবেশনা, আধ্যাত্মিক আলোচনা, দরুদ পাঠসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সারারাত চলতে থাকে। বিভিন্ন বক্তারা হযরত শাহ সূফী জিয়ন আলী শাহ মাইজভান্ডারীর আধ্যাত্মিক জীবন, মানবসেবামূলক কর্ম, ত্বরিকতের শিক্ষা ও সমাজসেবামুখী আদর্শ তুলে ধরেন।
দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা জানান, এই পবিত্র ওরশে অংশ নিলে মন-প্রাণ শান্ত হয় এবং আত্মশুদ্ধির একটি বিশেষ সুযোগ সৃষ্টি হয়।
সারারাতব্যাপী আয়োজিত অনুষ্ঠান শেষে ভোরে আখেরি মোনাজাতে দেশ-জাতির অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সব আগত মুরিদ-ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।
ওরশ ঘিরে পুরো বাঘৈর গৈস্তাবাজার এলাকায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্বেচ্ছাসেবক দল সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।