নিজস্ব প্রতিবেদক:মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শেখ আব্দুল্লাহকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা। কারণ, তিনি অতীতে স্বৈরাচার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং দলের উচ্চ পর্যায়ের বহু নেতাকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন বলে জানা গেছে। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে একাধিক বৈঠক ও আলাপচারিতার পাশাপাশি শেখ আব্দুল্লাহর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অসংখ্য ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই প্রেক্ষাপটে মুন্সিগঞ্জ-১ আসনের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বিষয়টিকে “বিরোধী আদর্শের পরিপন্থী” এবং “ত্যাগী নেতাদের প্রতি অবিচার” হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতারা মনোনয়নের আশায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ আব্দুল্লাহ মনোনয়ন পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া বিএনপির ভাবমূর্তি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, দলের একটি অংশ বলছে—দল নির্বাচনী কৌশল বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ আব্দুল্লাহর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা একাধিক ছবি ভাইরাল হয়েছে, যা আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, “যিনি একসময় আওয়ামী লীগের মঞ্চে ছিলেন, তিনি কীভাবে বিএনপির পতাকাতলে এলেন?”
সব মিলিয়ে, মুন্সিগঞ্জ-১ আসনে শেখ আব্দুল্লাহর মনোনয়নকে ঘিরে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এখন দেখার বিষয়—এই বিতর্কের মধ্য দিয়েও তিনি কতটা জনগণের আস্থা অর্জন করতে পারেন।