বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ জীবনযাপন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী, ঝালখোলা গ্রামে চলছে চরম বিদ্যুৎ সংকট। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামীণ জনতা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, পাখা, পানির পাম্প, ইন্টারনেটসহ নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, “দিনে পাঁচ-ছয়বার বিদ্যুৎ যায়। কখনও ঘণ্টার পর ঘণ্টা আসেই না। এত কষ্টে জীবন যাপন এখন দুর্বিষহ হয়ে গেছে।”
অন্যদিকে পশ্চিমদী গ্রামের বাসিন্দা সলিমুল্লাহ বলেন, “আমরা পশ্চিমদী এলাকার মানুষ খুবই অবহেলিত। অন্য এলাকায় যেখানে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকে, সেখানে আমাদের এলাকায় বিদ্যুৎ অফিসের অবহেলায় ঘন ঘন লোডশেডিং হয়। দিনের পর দিন বিদ্যুৎ না থাকলেও কেউ খোঁজ নেয় না।”
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, জ্বালানি ঘাটতি ও উৎপাদন সংকটের কারণে সারাদেশেই লোডশেডিং চলছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে পশ্চিমদী, ঝালখোলা গ্রামের সাধারণ মানুষ দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।