নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশ অটো ছিনতাই ও অটো চালক হত্যা মামলার রহস্য উন্মোচন করে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। এসময় ছিনতাইকৃত অটোর ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।
গত ০৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ৯৯৯ ফোন কলে জানতে পারে যে, রোহিতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের ১নং রোডের পশ্চিম প্রান্তের কাশবনের ভেতরে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে আছে।
সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)-এর একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ডিবি দক্ষিণ)-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গত ০৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো—
১। হৃদয় (২১), পিতা মিস্টার আলী, সাং-ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর;
২। মাহামুদুল ইসলাম হাসান (৩০), পিতা মোঃ শহর আলী;
৩। মোঃ সাহেদ (১৭), পিতা মোঃ সেলিম, উভয় সাং-পুরাতন সোনাকান্দা, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা;
৪। মোঃ নুরুল ইসলাম (৩৮), পিতা হাজী মান্নান মাতুব্বর, সাং-ভদ্রাসন, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ০৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অটো চালক বাচ্চু মিয়াকে ভাড়া করে রোহিতপুর এলাকায় নিয়ে যায় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটোর ব্যাটারি খুলে ফেলে। পরে ধৃত আসামী নুরুল ইসলামের কাছে ২৩,২০০ টাকায় ব্যাটারি বিক্রি করে তারা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
আসামীদের দেওয়া তথ্যমতে, পুলিশ ঘটনাস্থল ও অভিযানের মাধ্যমে লুণ্ঠিত অটোর ৪টি ব্যাটারি উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ টাকা।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২০, তারিখ-০৯/১০/২০২৫ ইং, ধারা ৩০২/৩৯৪/৪১১/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “অটো চালক হত্যার মতো নৃশংস ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”