সুলতান আহমেদ ময়না (শেরপুর): ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার -২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় ঝিনাইগাতী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। র্যালি ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দেশজুড়ে বিএনপির রাজপথে ফিরে আসার সাহসী বার্তা এই আয়োজনে আবারও স্পষ্টভাবে উচ্চারিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“৫ আগস্ট ২০২৪ ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিন ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আজকের এই বিজয় র্যালি হচ্ছে সেই গণজাগরণের বিজয় উৎসবের বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “এখন সময় নতুন বাংলাদেশ গড়ার। বিএনপি জনগণের দল, এই জনগণের শক্তিতেই আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি, আবারও ফিরিয়ে আনবো জনগণের অধিকার।”
বিশেষ অতিথির বক্তব্যে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রুপন বলেন,
“গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব — ২০২৪ সালের ৫ আগস্ট সেই প্রমাণ। আজ আমরা বিজয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি, এখন আমাদের করণীয় হলো এই বিজয়কে প্রতিষ্ঠিত করা গণতন্ত্র ও সুশাসনের ভিত রচনা করে।”
অন্য বিশেষ অতিথি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান বলেন,
“আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ আশার আলো দেখছে। বিএনপি গৃহীত ১০ দফা ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নই হবে আমাদের পরবর্তী লক্ষ্য।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্বে অনিশ্চয়তায় ঘেরা রাজনীতির মঞ্চে বিএনপির এই বিজয় র্যালি ঝিনাইগাতীর রাজনীতিতে নতুন বার্তা দিয়ে গেল। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।