কবির আকন্দ,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুটি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯ টায় মাটিয়াগারা গ্রামে মাওলানা রফিকুল ইসলামের বাড়ি থেকে পশ্চিম দিকে ২৭০ ফুট এবং কর্ণপুর বড় দিঘীর দক্ষিণ পাশে আরও ২৭০ ফুট রাস্তার নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ রাস্তাগুলোর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের অনুভূতি দেখা গেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই রাস্তা নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোসিঙ্গা ইউনিয়ন জামায়াত সভাপতি আবু সায়েম খান, সেক্রেটারি অধ্যক্ষ আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা মেম্বার রেহেনা খাতুন।