মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সার্বিক অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটির বিভিন্ন পূজামণ্ডপে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুল মান্নান আনসারীর নির্দেশনায় রাঙামাটি ফায়ার স্টেশনের একটি দল, লিডার আলি হোসেন চৌধুরীর নেতৃত্বে, রাঙামাটি সদরের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে।
পরিদর্শনকালে পূজার প্রধান পুরোহিত, আয়োজক কমিটি ও ভক্তদের সঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা ও পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগের জন্য ফায়ার স্টেশনের ফোন নম্বর ও জাতীয় হটলাইন ১০২ সম্পর্কে অবহিত করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, জনগণের অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে তারা সর্বদা তৎপর এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।