কবির আকন্দ শ্রীপুর প্রতিনিধি,গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধার করতে প্রতিবেশীকে ফোন দিয়ে অনুরোধ করেছেন এক পাষান্ড স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
১১ এপ্রিল-২০২৬ শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঝর্ণা আক্তার (১৬), শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে, দুই বছর আগে পারিবারের অমতে অপু নামের এক যুবককে বিয়ে করে ঝর্ণা । বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে জংলাপাড়া এলাকায় মাসুদ মিয়ার বাড়িতে থাকত তারা।
নিহত ঝর্ণার বাবা হামিদুল ইসলাম জানান, দুই বছর আগে পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে অপু নামের এক যুবককে বিয়ে করে ঝর্ণা। এরপর পর থেকে ঝর্ণার সাথে পারিবারিক কোন সম্পর্ক ছিল না। স্বামীকে নিয়ে বাড়ির আশপাশে ভাড়া থাকতো তারা। স্বামী তাকওয়া পরিবহনে মিনিবাস চালক ছিলেন বলে জানতেন।
বাড়ির মালিক লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় অপু তার বাড়ীর প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে ঝর্ণাকে মরে ঘরে তালাবদ্ধ করে রাখার বিষয়টি জানান। তানিয়া সাথে সাথে এসে হত্যার ঘটনাটি তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘরের তালা ভেঙ্গে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।